ত্রিশালে বিমানবন্দর চালুর সমীক্ষা শুরু হয়েছে: বিমান ও পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “ত্রিশালে বিমানবন্দর চালুর সমীক্ষার কাজ শুরু হয়েছে, সমীক্ষায় কি কি উঠে আসছে সেগুলো নিয়েও কাজ চলছে।”
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “জাপানের নতুন যে শর্ত থার্ড টার্মিনালের ১০০ কিমি. এর মধ্যে নতুন কোন বিমানবন্দর চালু করা যাবে না। ত্রিশাল সে শর্তে পড়ে না। থার্ড টার্মিনাল থেকে ত্রিশালের দূরত্ব ১২১ কিমি.।”
বিতর্ক প্রতিযোগিতায় ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নান্দাইল বালিকা উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন মন্ত্রী।
এসময় ময়মনসিংহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary