যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ আব্দুল্লাহ আল জায়িদ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৮ হাজার টাকা।
শনিবার (১৪ নভেম্বর) ভোর সোয়া পাঁচটার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ গোলাপবাগ এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ওই এলাকায় গাড়ি তল্লাশি করছিল। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুল্লাহ আল জায়িদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে দুটি স্মার্টফোন ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১০-এর দাবি, আব্দুল্লাহ আল জায়িদ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
source: The Daily Campus