News

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। পুলিশের তথ্য অনুযায়ী, কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী ওই মিছিলে সামনে ছিলেন। ছেলের এমন কর্মকাণ্ডের কারণে বাবাকে দলীয় সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

এ ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর একই এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে এ নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক এসে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগও পাওয়া গেছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে চলে যায় দুর্বৃত্তরা।

পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নেভায় এবং সড়ক থেকে যান চলাচলের বাধা সরিয়ে ফেলে। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত একটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মীকে ঝটিকা মিছিল করতে দেখা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, ব্যানার নিয়ে কয়েক সেকেন্ড মিছিল করার পরই তাঁরা সেখান থেকে সরে পড়েন। ওই মিছিলের সামনের সারিতে ছিলেন বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ইত্তেফাককে বলেন, ভোরের ওই মিছিলে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত। মধ্যরাতের ঘটনার বিষয়ে ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে। সেখানে গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে তাঁরা এলাকায় নাশকতা ঠেকানো এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের কাছ থেকে মহাসড়কে টায়ার পোড়ানোর খবর পান তাঁরা। খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। তবে পাঁচ মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। ফলে তাদের আটক করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বলেন, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় কয়েকজন সন্ত্রাসী জনশূন্য সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা ঠেকাতে তারা মাঠে রয়েছেন।

অন্যদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি। ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়কের দায়িত্বেও ছিলেন। এর আগে যুবদলের দায়িত্বও পালন করেছেন তিনি।

নজরুল ইসলাম আরও বলেন, রাউজানকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সেলিম উদ্দিন চৌধুরীর ছেলের সম্পৃক্ততার কারণে তাকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। ছেলেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্যও বলা হয়েছিল। কিন্তু তিনি তা করতে পারেননি। এ কারণে সোমবারের ঘটনার পর তাকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তার বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে সেলিম উদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button