News
নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলা, তদন্তে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ঘিরে আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
এ ঘটনায় তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে রমফোর্ডের হাই রোডে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থাপক ন্যান্সি বগহার্স্ট দৈনিক ওয়াদাকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘প্রায় ৫০ জনের একটি দল বিক্ষোভ করছিল। একপর্যায়ে সেখানে সহিংস বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তদন্ত চলছে এবং এ পর্যায়ে কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
পুলিশ জানায়, ঘটনাস্থলে কর্মকর্তাদের পাশাপাশি লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরাও উপস্থিত হন। আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের আঘাত জীবনহানিকর বা স্থায়ী শারীরিক ক্ষতির মতো গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে লন্ডনে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের কয়েকজনের কাছ থেকে অন্তত পাঁচজন হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে পুলিশ তিনজনের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের পরিচয় কিংবা কোন হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে, তা জানায়নি।
আহতদের কয়েকজনকে কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হলেও পুলিশ তা নিশ্চিত করেনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতভর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা নিয়ে আলাদাভাবে তদন্ত হচ্ছে কি না, জানতে চেয়েছিল দৈনিক ওয়াদা। তবে মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে পৃথক কোনো তদন্তের কথা নিশ্চিত করেনি। এ ঘটনায় কাউকে শনাক্ত করা হয়েছে কি না, সে বিষয়েও কিছু জানায়নি।
তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের কাছে সিসিটিভি এবং গাড়ির ড্যাশক্যামের ফুটেজ চেয়েছে পুলিশ। এ ধরনের কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ‘সিএডি ৭০০৪/১৬এনওভি’ উল্লেখ করে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়া যাবে।
source: The Dhaka Diary