তুরস্কে সরকার বিরোধী টিভির কার্যালয়ে পুলিশি অভিযান, পরিচালনায় তত্ত্বাবধায়ক নিয়োগ

তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিরোধীঘনিষ্ঠ সংবাদ চ্যানেল সোজজু টিভির কার্যালয়ে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়েছে। বার্তা সংস্থা এপির বরাতে জানা যায়, এই অভিযানের অংশ হিসেবে চ্যানেলটি ও এর ওয়েবসাইট পরিচালনায় একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটির কয়েকজন নির্বাহীকে আটক করা হয়েছে।
ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলির দপ্তর জানিয়েছে, সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইন লঙ্ঘনের অভিযোগ এবং প্রয়াত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কৌঁসুলিদের সন্দেহ, সোজজু মিডিয়া গ্রুপের মালিক বুরাক আকবায়েরের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো বিদেশের ব্যাংক হিসাব থেকে অর্থায়ন পেয়েছে।
উল্লেখ্য, তুরস্কের সরকার ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পেছনে ফেতুল্লাহ গুলেনের হাত ছিল বলে অভিযোগ করে আসছে। যদিও গুলেন বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ২০২৪ সালে তিনি মারা যান।
এদিকে সোজজু টিভিতে এই পুলিশি অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রধান বিরোধী দলীয় নেতা ওজগুর ওজেল। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে দেশের ভেতর কোনো ধরনের সমালোচনা সহ্য না করার অভিযোগ তুলেছেন।
এর আগে মাত্র কয়েক সপ্তাহ আগেই তুরস্কের আরেকটি বিরোধীঘনিষ্ঠ সংবাদমাধ্যম হাল্ক টিভির পরিচালনায়ও একইভাবে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছিল।
source: Azadir Dak