News

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় সংসদে আইন পাসের দাবি খতমে নবুওয়াতের

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাসের দাবি জানিয়েছে খতমে নবুওয়াত জাতীয় সেমিনার। দাবি আদায় না হলে ঢাকায় মহাসমাবেশ এবং প্রয়োজনে রাজধানীর চারপাশ অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সেমিনারের সভাপতি ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী।

অন্যদিকে, খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এ জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠান চলাকালে ‘সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

খতমে নবুওয়াত বাংলাদেশ এবং সীরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী।

উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক পরিষদের আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আলেম মাওলানা সায়্যিদ আজহার মাদানী।

অডিও ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি খতমে নবুওয়াত আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন। প্রয়োজনে এ আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের মুসলমানদের সঙ্গে আছেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো ইমাম ও মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি কওমি মাদরাসাগুলোর জন্য সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরী বলেন, কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরকারকে জাতীয় সংসদে আইন পাস করতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। ধর্মমন্ত্রীসহ অন্য সংসদ সদস্যদের সঙ্গেও ধারাবাহিক আলোচনা চলছে।

তিনি বলেন, সরকার তাদের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করলে ভালো। অন্যথায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বসে থাকবেন না তারা। দাবি আদায়ে প্রয়োজনে ঢাকায় বড় মহাসমাবেশ এবং পরবর্তী সময়ে রাজধানীর চারপাশ অবরোধ করা হবে। যথাসময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

নিজেদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে পীর সাহেব মধুপুরী বলেন, তাদের গাড়ি ভাঙচুর ও বাড়িঘরে হামলা করা হচ্ছে। অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি বলেন, ‘আমাদের শরীরে গুলি চালানো হলে আমি তা মোকাবিলা করতে প্রস্তুত। স্বাধীনতার পক্ষে প্রথম শাহাদাত আমার হবে। আমি বুক পেতে দেব, কিন্তু ইসলামের প্রশ্নে কোনো আপস করব না।’

অন্যদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্যে আকিদায়ে খতমে নবুওয়াতকে মুমিনের ঈমানের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করা হয়। বক্তব্যে পবিত্র কোরআনের সূরা আহযাবের ৪০ নম্বর আয়াত উদ্ধৃত করে হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে কাদিয়ানি সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস ও কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের প্রকাশনা ও প্রচারণা বন্ধ এবং পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, নিজেদের মুসলিম দাবি ও মুসলিম পরিচয়ে ধর্মীয় কার্যক্রম পরিচালনা বন্ধ, উপাসনালয়কে মসজিদ বলা এবং ইসলামী পরিভাষা ব্যবহার বন্ধ, তাদের জানাজার নামাজ না পড়া ও মুসলিম কবরস্থানে দাফন না করা, মুসলমানদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক ও পারস্পরিক উত্তরাধিকার বন্ধ এবং কাদিয়ানিদের পণ্য বয়কট।

সেমিনারে আয়োজকদের পক্ষ থেকে পৃথক পাঁচ দফা ঘোষণাপত্রও পাঠ করা হয়। এটি পাঠ করেন আয়োজক পরিষদের সদস্যসচিব মুফতি হাফিজ উদ্দিন।

ঘোষণাপত্রে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পূর্বসূরি আলেমদের সীরাতবিষয়ক গ্রন্থ অনুবাদ ও প্রচার, মডেল মসজিদগুলোকে সীরাত ও সুন্নাহ চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ইমামদের প্রশিক্ষণে সীরাতবিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

প্রতি মাসে অন্তত একটি জুমার খুতবায় আকিদায়ে খতমে নবুওয়াত বিষয়ে আলোচনার ব্যবস্থা, ইসলামিক ফাউন্ডেশনের পূর্বপ্রকাশিত এ-সংক্রান্ত গ্রন্থ পুনঃপ্রকাশ ও প্রচার এবং কাদিয়ানিদের প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবিও জানানো হয়। ঘোষণাপত্রে আরও বলা হয়, অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মতো কাদিয়ানিরাও অমুসলিম পরিচয়ে বসবাস করতে পারবেন। তবে তাদের ক্ষেত্রে মসজিদসহ ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে।

সেমিনারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও মওদুদীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তিনি এসব বক্তব্যে ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে দাবি করে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্মারকগ্রন্থ প্রকাশনা উপলক্ষে একটি স্বাক্ষরযুক্ত কপি উন্মুক্ত নিলামে তোলা হয়। ১ হাজার টাকা ভিত্তিমূল্যের বইটি সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার টাকায় কিনে নেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতি ইয়াহইয়া মাহমুদ। নিলাম পরিচালনায় ভূমিকা রাখেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজীসহ উপস্থিত আলেমরা।

সেমিনারে শতাধিক আলেম ও চার শতাধিক প্রতিনিধি অংশ নেন। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা ও আলেমরা।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button