News
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা রক্ষা এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়েছে।
নোটিশদাতা মো. মাহমুদুল হাসান মামুন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য। তার সদস্য আইডি নম্বর ৬২০২।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে মাহমুদুল হাসান মামুন উল্লেখ করেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি পাঠিয়েছেন।
জাতীয় নিরাপত্তার বিষয়টিও নোটিশে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থান এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি ও সামরিক সংঘাতের মতো পরিণতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরেছেন নোটিশদাতা।
নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।
একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এতে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা জানানো হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নোটিশে কয়েকটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব করা হয়েছে।
এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়। প্রস্তাব অনুযায়ী, সেখানে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।
দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভ্রমণ অনুমতিপত্র ইস্যুর প্রস্তাবও দিয়েছেন নোটিশদাতা। এ ক্ষেত্রে হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ ভাড়ায় নেওয়া বিমানে তাকে বাংলাদেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
source: The Dhaka Diary