তুরাগ থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

রাজধানীর তুরাগ থেকে বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে তুরাগের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া বিল্ডিং থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক এশিয়া পোস্টকে বলেন, ‘রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টের করতোয়া বিল্ডিং থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ডিবি পুলিশ।’
তিনি বলেন, ‘ডিবি পুলিশের উত্তরা জোনাল টিমের একটি দল তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।’
আটকের বিষয়ে ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে বলেন, ‘অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’
একটি সূত্র জানায়, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ‘আলো আসবেই’ নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন। সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট ও আলোচনা করা হয়।
প্রসঙ্গত, জ্যোতিকা জ্যোতি ১৯৮৪ সালে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি অভিনেত্রী। ২০০৫ সালে ‘আয়না’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। এরপর তিনি বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেন।
পরবর্তী সময়ে তার অভিনীত তানভীর মোকাম্মেলের ‘জীবনঢুলী’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্র মুক্তি পায়।
এসব চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয় করে তিনি আলোচিত ও প্রশংসিত হন। তার অভিনীত পরবর্তী চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘গ্রাস’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’।
জ্যোতিকা জ্যোতি অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘ব্রেকআপ’। এরপর তিনি প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন।
source: Asia Post
