News

মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের আদালত বিভাগের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন করা হয়নি। রাষ্ট্রপক্ষ থেকেও রিমান্ডের আবেদন না করায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মোরল তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করেন। তদন্তের প্রয়োজনে পরে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমে আর্থিক সহায়তা এবং আন্দোলন দমনে নিজস্ব লোকজনকে দায়িত্ব দেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে তদন্ত চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন উত্তরা পশ্চিম এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এজাহারে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। এ সময় ২০০ থেকে ৩০০ অজ্ঞাতনামা ব্যক্তি আন্দোলনকারীদের ধাওয়া করে গুলি ছোড়েন।

গুলিতে সাদিকুলের পেটে আঘাত লাগে। তাঁকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন আশরাফ সিদ্দিকী। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

source: The Daily Campus

Back to top button