News

সরকারি কর্মচারীদের বকেয়া পেনশন পরিশোধ নিয়ে নতুন নির্দেশনা

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। এতে বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’ অপশন ব্যবহারের নিয়ম এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় নির্ধারণ করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ডেপুটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। এ নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়েছে।

Advertisement

আদেশে বলা হয়, বকেয়া পেনশন পরিশোধসংক্রান্ত আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলছে। এ কারণে ‘অ্যারিয়ার সার্টিফিকেশন’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এ সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) ও জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানো যাবে না। তাদের নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

অন্যদিকে সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয় সরাসরি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবে।

নির্দেশনায় আরও জানানো হয়, পেনশন-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.pension.gov.bd ওয়েবসাইট অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।

source: Asia Post

Leave a Reply

Back to top button