News

রোহিঙ্গা গণহত্যার বিচারের রায়কে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত আমির

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার মামলার রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে জামায়াত আমির এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছি। দুই বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় চূড়ান্ত রায় দেন। রায়ে মিয়ানমারকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়া এবং বিচ্ছিন্ন পরিবারগুলোকে পুনর্মিলনের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণের জন্য মিয়ানমারকে দুই বছরের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button