প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বড় সন্তানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান । তার শৈশব কেটেছে সামরিক ও রাজনৈতিক আবহে। ঢাকার বিএফ শাহীন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তার আগ্রহ ছিল।
source: Daily Amar Desh