News

ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না: শ্রীরাধা দত্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভারতের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক ও ও.পি. জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. শ্রীরাধা দত্ত। তার মতে, ভারতের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ মিত্রতার কারণে নয়াদিল্লি তাকে বাংলাদেশের হাতে তুলে দিতে আগ্রহী হবে না।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান শ্রীরাধা দত্ত। তবে তিনি জানিয়েছেন, এটি তার নিজস্ব রাজনৈতিক বিশ্লেষণ; ভারতের সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নয়। একজন রাজনৈতিক গবেষক হিসেবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি এই ধারণা প্রকাশ করেছেন।

শ্রীরাধা দ্ত্ত বলেন, প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেও শেষ পর্যন্ত বিষয়টি ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে আইনি প্রক্রিয়ার অগ্রগতি থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাবে প্রত্যর্পণ কার্যকর না হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রশ্নে দুই দেশের সামগ্রিক সম্পর্ককে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না বলে মনে করেন এই গবেষক। বিষয়টির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে পারস্পরিক অনড় অবস্থান কূটনৈতিক দূরত্ব বাড়াচ্ছে। বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে দুই দেশের যেকোনো এক পক্ষকে শর্ত আরোপের অবস্থান থেকে সরে এসে আলোচনার পথ তৈরি করতে হবে।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে কারণে তাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি মনে করেন না।

বাংলাদেশের রাজনীতি এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে দীর্ঘদিন কাজ করছেন শ্রীরাধা দত্ত। তার মতে, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পেছনে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উভয় ধরনের যুক্তি রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান হওয়ার পর তিনি ভারতে আশ্রয় নেন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাকে ফেরত চাইছে। তবে এই অনুরোধ বাস্তবায়নে ভারতের আগ্রহ নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন গবেষকটি।

শ্রীরাধা দত্তের বক্তব্য অনুযায়ী, প্রত্যর্পণের বিষয়টি সাধারণত দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। কিন্তু সেই প্রক্রিয়া দ্রুত শেষ হলেও ভারত তাকে ফেরত পাঠাতে রাজি হবে কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি মনে করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির কয়েকটি বিধানে নির্দিষ্ট পরিস্থিতিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। তাই চুক্তি থাকলেই যে প্রত্যর্পণ নিশ্চিত হবে, এমনটি ভাবার কারণ নেই।

শেখ হাসিনার পাসপোর্ট এবং দেশে ফেরার বিষয়টি নিয়েও ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই ভারতীয় অধ্যাপক। তার মতে, নিজ দেশে ফিরে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট কিংবা প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ নয়।

শ্রীরাধা দত্ত জানান, অন্য কোনো রাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজনীয়তা থাকলেও নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়টি আলাদা। এ কারণে পাসপোর্ট নিয়ে চলমান আলোচনাকে তিনি মূল সমস্যার কেন্দ্রবিন্দু বলে মনে করেন না।

ভারতে অবস্থান করেও শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নিজের উপস্থিতি বজায় রাখতে চাইছেন বলে মনে করেন শ্রীরাধা দত্ত। তার মতে, বিভিন্ন সাক্ষাৎকার, লিখিত বক্তব্য এবং সমর্থকদের মাধ্যমে প্রচারিত ভিডিওর সাহায্যে সাবেক প্রধানমন্ত্রী নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন।

আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কাছে শেখ হাসিনা এখনো গুরুত্বপূর্ণ নেতৃত্বের প্রতীক। দলের সাংগঠনিক অবস্থান এবং রাজনৈতিক পরিচিতি ধরে রাখার ক্ষেত্রেও তার উপস্থিতি ভূমিকা রাখছে বলে বিশ্লেষণ করেছেন এই গবেষক।

তবে আওয়ামী লীগের সমর্থকদের মনোভাবকে দেশের সামগ্রিক জনমতের প্রতিফলন হিসেবে বিবেচনা করতে নারাজ তিনি। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে শেখ হাসিনার শাসনামল নিয়ে অসন্তোষ রয়েছে বলে তার পর্যবেক্ষণ।

শ্রীরাধা দত্তের মতে, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক ও আর্থসামাজিক নানা বিষয়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা তরুণদের মনোভাব গঠনে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন এবং সেই সময় সংঘটিত সহিংসতার ঘটনাগুলোও তাদের স্মৃতিতে গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে।

তার বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের তরুণদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। জুলাই আন্দোলনের সময় সংঘর্ষ, হামলা ও সহিংসতার যে অভিজ্ঞতা তারা অর্জন করেছে, তা অল্প সময়ের মধ্যে ভুলে যাওয়ার মতো নয়।

সূত্র: ডেইলি ওয়াদা

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button