গণহত্যাকারী আ.লীগের ব্যাপারে ভিকটিমদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই

গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আ.লীগের ব্যাপারে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শনিবার সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ইন্ডিয়ায় পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।
source: Daily Amar Desh