News

রাত বাড়তেই হাসপাতালে চাপ বাড়ে ডেঙ্গু রোগীর

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ডেঙ্গু ৫০ শয্যার বিপরীতে ভর্তি রোগী ৪২ জন। এর মধ্যে ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের আটজনই ভর্তি হয়েছেন রাতে।

সরেজমিনে গত বুধবার (১৮ নভেম্বর) হাসপাতালটিতে গিয়ে এমন চিত্র দেখতে পান এই প্রতিবেদক। প্রায় একই চিত্র দেখা গেছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। নার্স ও চিকিৎসকরা বলছেন, অনেক রোগী দিনে পরীক্ষা করিয়ে বাড়ি ফেরেন, জটিলতা বাড়লে রাতে গিয়ে হাসপাতালে ভর্তি হন।

Advertisement

হঠাৎ জ্বর, শরীরে প্রচণ্ড ব্যথা আর ঘনঘন বমি শুরু হয় সৈয়দ হাবিবুর রহমান তামজিদের। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। নিজ জেলা গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেও দুই দিনে কোনো উন্নতি হয়নি। বরং অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। পরে গভীর রাতে তাকে পাঠানো হয় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ১৫ নভেম্বর ভোর ৪টায় ৪৩ বছর বয়সি এই ক্ষুদ্র ব্যবসায়ীকে ভর্তি করা হয়।

তামজিদের স্ত্রী মর্জিনা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকে শরীরে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে কোমরে। এরপর বমি তো রয়েছেই। রক্তের প্লাটিলেট ২১ হাজারে নেমেছে। অবস্থা খারাপ দেখে ডাক্তার এখানে পাঠান। ভর্তি হতে হতে রাত ৪টা বেজে যায়। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না।’

ডেঙ্গু নিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ার পান্নু মিয়া (৪০)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ভর্তি হন। শুধু এ দুজন নয়। রাজধানীর তিন হাসপাতাল ঘুরে জানা গেছে, সেগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীদের দুই-তৃতীয়াংশ সন্ধ্যার পর থেকে ভোর ৪টার মধ্যে ভর্তি হয়েছেন।

সোহরাওয়ার্দী হাসপাতালে বুধবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ৪২০ ও ৪২৪ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। ৪২০ নম্বর ওয়ার্ড পুরুষ এবং ৪২৪ নম্বর ওয়ার্ড নারীদের জন্য নির্ধারিত। এদিন দুপুর পর্যন্ত দুই ওয়ার্ডে ৬৭ জন চিকিৎসা নিচ্ছিলেন।

পুরুষদের ৪২০ নম্বর ওয়ার্ডে শয্যা ৫০টি, রোগী ভর্তি ৪২ জন। গত এক সপ্তাহে ভর্তি রোগী কিছুটা কমেছে বলে জানিয়েছেন দায়িত্বরত নার্স। এই ওয়ার্ডে তামজিদ, পান্নু, মেহেদী হাসান, কাঞ্চন মিয়াসহ অন্তত ১০ রোগীর সঙ্গে কথা বলা হয়। তাদের আটজনই রাতে ভর্তি হয়েছেন।

পুরুষ ওয়ার্ডের দায়িত্বে থাকা সিনিয়র নার্স সেতারা বেগম এশিয়া পোস্টকে বলেন, ‘দিনের তুলনায় রাতে অনেক বেশি রোগী আসে। অনেক রোগী দিনে পরীক্ষা করিয়ে বাসায় যান, জটিলতা বাড়লে এরপর হাসপাতালে চলে আসেন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই চিকিৎসকের রেফারেন্সে রাতে চলে আসেন।’

নারী ওয়ার্ডের ২৫ রোগীর একজন ৯ মাসের সন্তানসম্ভবা গাবতলীর জেসমিন আক্তার নুপুর (২৫)। ডেঙ্গু নিয়ে দ্বিতীয় দফায় ভর্তি হয়েছেন তিনি।

নুপুরের স্বামী কাওসার হোসেন জানান, গত ১২ নভেম্বর প্রথমবার ডেঙ্গু নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয় নুপুরকে। দুই দিনের চিকিৎসায় উন্নতি হলে স্ত্রীকে বাসায় নিয়ে যান। তিন দিনের মাথায় শারীরিক অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাত ২টায় আবারও তাকে ভর্তি করানো হয়।

বুধবার (১৮ নভেম্বর) নারী ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৮ নম্বর শয্যায় স্ত্রীর মাথা টিপে দিচ্ছেন কাওসার। নুপুরের চোখ বেয়ে পানি পড়ছে। বলছিলেন, ডেঙ্গুর কারণে গর্ভের সন্তান নিয়ে দুশ্চিন্তার কথা। কাওসার যতটা সম্ভব সাহস ও সান্ত্বনা দিচ্ছিলেন। গ্রাম থেকে আসা নুপুরের মা-বাবা ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছেন সন্তানের দিকে।

কাওসার হোসেন এশিয়া পোস্টকে বলেন, ‘শুরু থেকে বমি ছিল, এখনও আছে। কিন্তু রক্তের প্লাটিলেট আট হাজারে নেমে এসেছে। ডাক্তার বলেছে অবস্থা কিছুটা ক্রিটিক্যাল, তারাও ঘনঘন আসছে। বাচ্চা পেটে থাকায় সংকট বেশি। সিবিসি পরীক্ষা এখানে হলেও আল্ট্রাসনোগ্রামসহ রক্তের অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা বাইরে থেকে করাতে হয়।’

সোহরাওয়ার্দী হাসপাতালের প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামীম আরা কেয়া এশিয়া পোস্টকে বলেন, ‘রাতে আসা রোগীদের বড় অংশ অনিশ্চয়তায় ভোগেন। দিনে কিছুটা ভালো থাকলেও তারা চিন্তা করেন, রাতে যদি খারাপ হয়, তখন কোথায় যাবেন। এমন চিন্তা থেকে রাতে ভর্তি হন।’

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীর চাপ বাড়ে বলে জানান নার্সরা। তাদের ভাষ্য, দিনে যত রোগী আসে, রাতে আসে তার দ্বিগুণ। হাসপাতালটির ১০ ও ১১ তলায় শয্যার পাশাপাশি মেঝেতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয়। বুধবার সকাল পর্যন্ত সেখানে ১৭৯ জন চিকিৎসাধীন ছিলেন।

নার্স আসমা আক্তার এশিয়া পোস্টকে বলেন, ‘সম্প্রতি রাতে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। দিনে ১৫ থেকে ২০ জন ভর্তি হলেও রাতে তা ৩০ থেকে ৩৮ জন পর্যন্ত হচ্ছে। দেরিতে আসায় ব্লিডিং (রক্তক্ষরণ) ঘটছে বেশি। এ ছাড়া অন্যান্য জটিলতা তো আছেই।’

প্রায় একই চিত্র দেখা গেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। গত এক সপ্তাহে সেখানে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমেছে। বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন। তাদের অধিকাংশই রাতে এসেছেন।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান মনে করেন, রাতে রোগীদের হাসপাতালে আসার পেছনে আর্থসামাজিক কারণ আছে। তিনি এশিয়া পোস্টকে বলেন, ‘রাতে যে কোনো রোগের তীব্রতা বাড়ে। শুধু ডেঙ্গু নয়, অ্যাজমাসহ অনেক রোগেরই। তার চেয়ে বড় সমস্যা আর্থসামাজিক অবস্থা। অনেক রোগী দিনে ডাক্তার দেখান, কখনও ওষুধ এনে খান, দেখেন সুস্থ হন কি না। এরপর অবস্থা গুরুতর হলে কিংবা জটিলতা বাড়লে হাসপাতালে ভর্তি হন।’

source: Asia Post

Leave a Reply

Back to top button