News

জামায়াত আমিরের পরামর্শে সংলাপের ডাক প্রধানমন্ত্রীর, শুরু হচ্ছে এনসিপিকে দিয়ে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পরামর্শে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপের সূচনা হবে বলে সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ নেতার দাবি অনুযায়ী, গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দুটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব দুটি হলো— সংসদে গণভোটের রায় বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা। বিরোধী দলগুলোর মধ্যকার বিভক্তির সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও রাজপথে নামার চেষ্টা করছে বলে ডা. শফিকুর রহমান ওই বৈঠকে মত প্রকাশ করেন বলে জানান ওই নেতা।

সংলাপের প্রথম দিনে এনসিপির সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পরিষদের এক সদস্য। তিনি গণমাধ্যমকে জানান, জাতীয় ঐক্যের পক্ষে যেকোনো ইতিবাচক আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রতিরোধের বিষয়ে তাঁরা ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। তবে সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে দলটি অনড় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোটও অংশ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাঁদের সঙ্গে বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। তবে বিরোধীদলীয় নেতা আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার পর যেকোনো সময় এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অগ্নিসংযোগ, বোমা হামলা এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, এস এম জিলানী, মো. সেলিমুজ্জামান মোল্লা ও কে এম বাবরের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এসব সহিংসতায় বিএনপির তিন নেতা ও দুই বাসচালকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ ছাড়া সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের অন্তত ৮৭টি শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব হামলার সময় অনেক ক্ষেত্রে হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরির লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button