News

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ককটেল ও হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও পুলিশের একটি যৌথ টহলদল এ অভিযান পরিচালনা করে। 

আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. লুৎফল হকের ছেলে মো. আমিনুল ইসলাম(৩৮)।

সোমবার বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

তিনি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত এক বছরে ৫৯ বিজিবি আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য আটক করেছে।

সীমান্ত অপরাধ দমনে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button