দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কাল বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের দেশের সর্বশেষ রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে সরকার। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। একই দিনে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে পৃথক একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কূটনৈতিক সূত্র জানায়, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সংঘটিত সহিংসতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ করে বিভিন্ন স্থানে বোমা নিক্ষেপ, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সরকারের বক্তব্য জানানো হবে।
এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপের বিষয়টিও কূটনীতিকদের সামনে তুলে ধরা হতে পারে।
অন্যদিকে, প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে বিদেশি কূটনীতিকদের মতামত জানতে একই দিন পৃথক বৈঠকের আয়োজন করা হয়েছে। এ বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে। সংশোধিত আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে কূটনীতিকদের মতামত ও পরামর্শ নেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনার বৈঠকটি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করার সিদ্ধান্ত যুক্ত হওয়ায় বৈঠকের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জনের পর তিনি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
source: The Dhaka Diary