News

বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির

বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ২৯ মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এসময় ছাত্রসংসদগুলোর প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বক্তব্য রাখেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট হয়েছিল রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নয়। রাষ্ট্র পরিচালনার জন্য সংসদ নির্বাচন হয়েছে। দুটি মেনে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছি। একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করেছে এবং সংকট সেদিন থেকেই তৈরি হয়েছে। একদিকে এ সংকট তৈরি করা, আরেকদিকে ফ্যাসিবাদীদের লালন করার কারণে ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে।’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, চব্বিশে রক্ত দেওয়া এ যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে আসতেও দিবে না, বসতেও দেবে না।

শিক্ষার্থীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলার চরম অবনতির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছে। তোমরা সামনে এগিয়ে যাওয়ার দরজা খুলে দিয়েছো।

ডা. শফিকুর রহমান বলেন, আজকের এই বাংলাদেশ ও আজকের এ অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের উপর দাঁড়িয়ে। ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন এ জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল, একটি অধীনস্থ গোলাম জাতিতে পরিণত করার সমস্ত আয়োজন যেখানে করা হয়েছিল, জুলাইয়ের জনতা সেই শৃঙ্খল ভেঙে দিয়েছিল।

বিরোধীদতলীয় নেতা বলেন, জুলাইয়ের আন্দোলনের সঙ্গে অনেক দল সম্পর্ক অস্বীকার করলেও জামায়াতের সেক্রেটারি জেনারেল প্রেস কনফারেন্স করে জামায়াতে ইসলামী ও জাতিকে ছাত্রসমাজের পাশে দাঁড়ানো, সর্বাত্মক সহযোগিতা এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। কোনো হীনমন্যতা আমরা দেখাইনি।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিশ্ববিদ্যালয়গুলোয় অসুস্থ পরিবেশ, খুনের রাজধানী, ছোপ ছোপ রক্ত ও কাড়ি কাড়ি লাশের জঞ্জাল রেখে গিয়েছিল। এসব যন্ত্রণা থেকে ৫ আগস্ট আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, ৫ আগস্ট পর্যন্ত বর্তমানে সরকারে যারা এবং আমাদের বক্তব্য ও ওয়াদা এক ছিল। ৫ আগস্টের পর অনেকে বদলে গেছেন।

জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি, দখলবাজি আগের চেয়ে বেশি গতিতে চালানো হচ্ছে। তারা সেখান থেকে সরতে পারছেন না। শুধু তাই নয়, যে ফ্যাসিবাদ মানুষের উপর তাণ্ডব চালালো, জাতিসংঘের হিসাবে ১৪০০ লোককে শহীদ করল, ২৪ হাজার লোককে পঙ্গু করল, সেই ফ্যাসিবাদীদের কেউ কেউ অর্থ, স্বার্থ ও ভোটের বিনিময়ে এবং সম্পদ ভাগাভাগির বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সাথে সুস্পষ্ট প্রতারণা। আমরা ও সাধারণ যুবসমাজ এটি চায়নি।

তিনি বলেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষে জটিল জায়গায় এসে দাঁড়ায়। যদি তারা ভুল জায়গায় দাঁড়ায়, তাহলে সারা জীবনে লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। জাতি এগিয়ে যায় সিনিয়র ও অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে। যদি সমন্বয় না হয়, তাহলে কোনো অবস্থায় জাতিকে নিয়ে সামনে এগোনো যাবে না।

তিনি আরও বলেন, জাতির স্বার্থে দলীয়করণের বিরুদ্ধে আমরা ভয়েস রেইজ করেছি, নিন্দা জানিয়েছি, ঘৃণা জানিয়ে আসছি। আমরা আত্মবিশ্বাসী, এ সমস্ত দলীয়করণের জায়গা ভেঙে তছনছ করে দিব, ইনশাআল্লাহ। সরকার মেরিটোক্রেসির কথা বললেও পলিটোক্রেসির দিকে গেছে। এজন্য আমরা তাদের মেরিটোক্রেসিতে আসতে বাধ্য করব।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশে জন্ম নেওয়া নারী বা পুরুষ প্রত্যেকেই সমান অধিকার ভোগ করবে। কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার অধিকার কারো নেই। সমাজ ও দেশ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেলে টেকসই সমাজ ও দেশ গড়ে উঠবে না। সবারই নাগরিক ও মৌলিক মানবিক অধিকার সমানভাবে ভোগ করা উচিত। আমরা সবাইকে একই দৃষ্টিতে দেখতে চাই।

তিনি বলেন, আমাদের অনেক লোককে খুন, গুম, পঙ্গু করাসহ ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেছি, আইনি প্রতিকারের অধিকার আছে, তবে একজন নিরীহ মানুষকে আসামি করা যাবে না।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button