নদীতে ডুবে নিখোঁজ চিকিৎসক, তিন দিন পর ভেসে উঠল মরদেহ

কুমিল্লায় বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া ভোলার চরফ্যাশনের চিকিৎসক ডা. মো. শাহাবুদ্দিনের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এমপি টিলা এলাকায় নদীতে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডা. মো. শাহাবুদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এক নিকটাত্মীয়ের সঙ্গে কুমিল্লার মরিষা এলাকায় একটি বালুবাহী জাহাজে ঘুরতে যান ডা. শাহাবুদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে টানা তিন দিন অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে স্থানীয়রা তা উদ্ধার করেন।
তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
source: The Daily Campus