হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আওয়ামী লীগ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি শেখ হাসিনার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার সুস্থতার বার্তা দিতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’ থেকে অডিওটি প্রকাশ করা হয়।
তবে আওয়ামী লীগের প্রচার করা অডিওটি সাম্প্রতিক নয়, বরং এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।
আওয়ামী লীগের ছড়ানো অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, একটা কথা বলে রাখি, আমার নামে কতগুলো মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমি খুব অসুস্থ! আমি কেন অসুস্থ হতে যাব? আমাকে তো আবার আমার দেশকে উদ্ধার করতে হবে, মানুষকে উদ্ধার করতে হবে।
অডিওতে তিনি আরও বলেন, আমি খুব ভালোভাবে সুস্থ আছি। এসব কথা বলে আমাদের নেতাকর্মীদের মনে কষ্ট দেওয়া এবং তাদের আঘাত করার চেষ্টা করা হচ্ছে।
সবশেষে অডিওতে শেখ হাসনিা বলেন, সবাইকে আমি স্পষ্ট বলতে চাই, আমি ঠিকই আছি। আমার এখন পর্যন্ত কোনো অসুখ হয়নি।
source: Asia Post
