News

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হতে যাওয়া এ সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষের অংশ নেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের নিয়ে আয়োজিত এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষাপরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button