News

আমাদের মাহফিলে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিলে পথভোলা মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। যারা দুনিয়াবি উদ্দেশ্য সাধনের জন্য মাহফিলে আসেন, তাদের আসার প্রয়োজন নেই। যদি কেউ এসে থাকেন, তাহলে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধি করুন।

চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের গতকাল শুক্রবার জুমার নামাজের পর উদ্বোধনী বয়ানে পীর রেজাউল আগত মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, মুসল্লিদের আল্লাহর সন্তুষ্টি অর্জন ও আত্মশুদ্ধির প্রত্যয় নিয়ে মাহফিল থেকে বিদায় নিতে হবে। তিন দিন মাহফিলে অবস্থান করে দিল থেকে আমিত্বের ভাব দূর করে আল্লাহর দরবারে নিজেকে সোপর্দ করুন। আল্লাহর জিকিরের মাধ্যমে মনকে সজীব রাখতে হবে।

পীর রেজাউলের মাহফিলের উদ্বোধনী বয়ানের আগে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায় করা হয়। জুমার বয়ানে পীরের ভাই ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য কে এম শরীয়ত উল্লাহ জানিয়েছেন, মাহফিলে আগত মুসল্লিদের ইসলামের মৌলিক বিধিবিধান সম্পর্কে বাস্তব প্রশিক্ষণ ও নামাজের নিয়মকানুন হাতে-কলমে শেখানোর জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মুসল্লিদের আত্মশুদ্ধি ও আমলি জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন হালকায় বিভক্ত করে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button