আতঙ্কের জনপদে উন্নয়নের ছোঁয়া বাড়ছে নিরাপত্তা, যোগাযোগ

এক সময় সন্ধ্যা নামার আগেই যেখানে দোকানপাট বন্ধ হয়ে যেত, আতঙ্কে ঘরে ফিরতেন বাসিন্দারাÑসেই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। পাহাড় কেটে তৈরি হচ্ছে নতুন সড়ক, নির্মাণ করা হচ্ছে সেতু, কালভার্ট ও পানি নিষ্কাশনের নালা। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে গড়ে তোলা হচ্ছে দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা।
দীর্ঘদিনের সশস্ত্র অপরাধী চক্রের আধিপত্য, সরকারি পাহাড় দখল, অবৈধ প্লটবাণিজ্য ও সংঘাতের কারণে প্রায় ৩,১০০ একর আয়তনের আলোচিত এই জনপদে যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা।
সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের (২৬ ইসিবি) তত্ত্বাবধানে ছয়টি সড়ক নির্মাণের এ প্রকল্পে ইতোমধ্যে ৪৫ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনে কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, নতুন সড়ক যোগাযোগের পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে দীর্ঘদিন বিচ্ছিন্ন ও অস্থিরতায় থাকা জঙ্গল সলিমপুরে।
মোট ছয়টি সড়ক নির্মাণের পাশাপাশি তৈরি হচ্ছে চারটি সেতু, ২৫টি কালভার্ট, আরসিসি রিটেইনিং ওয়াল ও পানি নিষ্কাশনের নালা।
source: Daily Amar Desh