সর্বশেষ

চট্টগ্রামে এক দশক পর চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণ শুরু কাল

এক দশকের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় অবশেষে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’-এর মূল নির্মাণকাজ। সোমবার (২৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই মেগা উদ্যোগের কার্যক্রম শুরু হচ্ছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) সূত্রে জানা গেছে, এ প্রকল্প থেকে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) পাওয়ার আশা করা হচ্ছে।একই সঙ্গে দেশের এই বৃহৎ শিল্পাঞ্চলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।২০৩১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পূর্ণ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অর্থ মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তি ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

উল্লেখযোগ্য যে, ২০১৪ সালে বাংলাদেশে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রথম সমঝোতা স্মারক সই হয়েছিল। পরবর্তীতে ২০১৬ সালে জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও ডেভেলপার নিয়োগে বিলম্ব, অর্থায়নের রূপরেখা চূড়ান্তকরণ এবং নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় দীর্ঘদিন প্রকল্পটির কাজ থমকে ছিল।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটির বাস্তবায়ন শুরু হওয়ায় বাংলাদেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্যে এক নতুন গতির সঞ্চার হবে। বিশেষত চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক অর্থনৈতিক হাব তৈরি হওয়ায় ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক বন্ধন আরও সুদৃঢ় হবে এবং বিশ্ববাজারে আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের নতুন দ্বার উন্মোচিত হবে।

source: Azadir Dak

Back to top button