Bd বাংলাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

শরীয়তপুরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর।

শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ১৭ সেকেন্ডের ভিডিও পোস্ট করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক ব্যক্তি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে আগুনে পোড়ার চিহ্ন পাওয়া গেছে। তবে ঠিক কখন এই ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, এটি শুধু একটি অগ্নিসংযোগ নয়, বরং জুলাইয়ের চেতনাকে অবমাননা করা হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এটি আজকের ঘটনা বলে মনে হচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button