Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ভারতে আয়রন ডোমের ‘তামির’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনায় ইসরায়েল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ভারতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ‘তামির’ উৎপাদনের জন্য কারখানা স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, রাফায়েল ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তামির ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা চালাচ্ছে। এই ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ব্যবস্থার মূল ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয় এবং শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সম্ভাব্য এই উদ্যোগ দুই দেশের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদারের অংশ। ভারতে উৎপাদন শুরু হলে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত অতিরিক্ত উৎপাদনের সুযোগ তৈরি হবে।

বিশ্লেষকদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচি আরও গতি পাবে। একই সঙ্গে প্রতিরক্ষা উৎপাদনে আঞ্চলিক অংশীদার হিসেবে ভারতের অবস্থানও শক্তিশালী হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন, উন্নত সামরিক প্রযুক্তি উন্নয়ন এবং জরুরি সময়ে দ্রুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের দিকে এগোচ্ছে।

বর্তমানে রাফায়েল উত্তর ইসরায়লে আয়রন ডোমের ‘তামির’ ইন্টারসেপ্টর উৎপাদন করে। এছাড়া প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও এই ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। অন্যদিকে, ইসরায়েলের আরেক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ইতোমধ্যে ভারতে হার্মিস-৯০০ ও হার্মিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে।

সূত্র: এনডিটিভি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: mirrornews24.net

Back to top button