সর্বশেষ

সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিব প্রত্যাহার

সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথম পত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর প্রায় ২০ থেকে ২৫ মিনিট পর বিষয়টি ধরা পড়লে শিক্ষার্থীদের কাছ থেকে ওই প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয়। পরে প্রথম পত্রের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে শুরুতেই শিক্ষার্থীদের হাতে ভূগোল প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়। দ্বিতীয় পত্রের পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট তারা ওই প্রশ্নেই উত্তর লেখা শুরু করেন। পরে কর্তৃপক্ষ বুঝতে পারে যে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এরপর প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেওয়া হয়। প্রথম পত্রের প্রশ্নপত্র আনতে কিছুটা সময় লাগায় শিক্ষার্থীদের আগে সৃজনশীল অংশের প্রশ্ন দেওয়া হয়। কিন্তু সেটিও ২০২৫ সালের প্রশ্ন হওয়ায় কয়েক মিনিটের মধ্যে তা পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়। সবশেষে সঠিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত প্রায় ২০ মিনিট সময় দেওয়া হয় বলে জানান পরীক্ষার্থীরা।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, প্রশ্নপত্র বাছাই (সোর্টিং) করার সময় কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। পরে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ভবিষ্যতে ব্যবহার হবে কি না, সে সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নেবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেন, ঘটনার বিষয়ে শিক্ষা বোর্ডকে বিস্তারিত জানানো হয়েছে। তদন্তের স্বার্থে কেন্দ্র সচিবকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী ১৮ জুলাই নির্ধারিত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বহাল থাকবে কি না, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রটিতে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, ঝাউডাঙ্গা কলেজ ও শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। প্রশ্নপত্র বিতরণে এমন ভুলে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে সংশোধিত প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন করা হয়।

source: Barta Bazar

Back to top button