Bd বাংলাদেশ

মব সংস্কৃতি বন্ধের কথা মুখে, কাজে বিএনপি মব করছে: রাশেদ প্রধান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মব সংস্কৃতি বন্ধের কথা বলা হলেও বিএনপি মব করছে বলে অভিযোগ করেছেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। একই সঙ্গে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ‘গণভোটের রায় ও জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে’ গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না এবং প্রয়োজনে গণভোটের মাধ্যমে জনগণের রায় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।

সমাবেশে তিনি আন্দোলনের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন, ‘প্রস্তুত থাকুন, নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে’। তার ভাষায়, সংসদে সমাধান না হলে রাজপথেই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, নিজের দলের নেতাকর্মীরাই তার নির্দেশ মানছেন না, ফলে দেশে মব সংস্কৃতি বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, পূর্বে ‘জালেম-রাজাকার’ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং বর্তমানে ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে নতুনভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। রাশেদ প্রধান আরও বলেন, ১১টি দলের সমর্থনে তারা রাজপথে সক্রিয় আছেন এবং গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, প্রয়োজনে আন্দোলন আরও জোরদার করা হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button