ফের টানা ৪ দিনের ছুটির সুযোগ, কারা পাচ্ছেন না

চলতি মাসেই সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিন ছুটির সুযোগ এসেছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ সম্ভাবনা তৈরি হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিতদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য নাও হতে পারে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হওয়ার কথা রয়েছে। সে হিসেবে ওই দিন সরকারি ছুটি। পরের দিন বৃহস্পতিবার (২৭ আগস্ট) অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার এক দিন কেউ নৈমিত্তিক বা ব্যক্তিগত ছুটি নিলে পরের দুই দিন—শুক্র ও শনিবার (২৮ ও ২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাবেন। যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার দুই দিন ছুটি থাকে, কর্মীরাও একই সুবিধা নিতে পারবেন।
এদিকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সন্ধ্যা সাতটায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ছুটির আনন্দ সবার জন্য সমান নাও হতে পারে। হাসপাতাল, জরুরি চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, গণপরিবহন ও বন্দরের মতো জরুরি সেবায় নিয়োজিতদের নিজ নিজ প্রতিষ্ঠানের রোস্টার অনুযায়ী কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
source: Daily Amar Desh