News

ডিএসসিসি প্রশাসকের তাৎক্ষণিক অ্যাকশন: অনিয়মের অভিযোগে সুপারভাইজার বরখাস্ত

ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অব্যাহতি পাওয়া কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৬ আগস্ট) ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে মোস্তফা নূরউদ্দিন ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ নেন।

অভিযোগ অনুযায়ী, অর্থ নেওয়ার পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কর্মকর্তা সময়ক্ষেপণ ও টালবাহানা করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতা।

সভায় অভিযোগটি শুনেই ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ী সেবায় যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অভিযুক্ত কর্মকর্তার শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button