News

সংসদ অভিমুখে পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির উদ্যোগে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রোববার বিকালে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা ও স্পিকারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচিতে দলমতনির্বিশেষে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্মসূচি বাস্তবায়ন কমিটি।

শনিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক দিলারা চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক যৌথ বিবৃতিতে দেশবাসীকে এই আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশ ছিল গুমের রাজ্য। মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। ঘরে-বাইরে কোথাও মানুষ নিরাপদ ছিল না। মানুষকে নিজ ঘর থেকে রাষ্ট্রীয় বাহিনী এসে তুলে নিয়ে গুম করেছে। গুমের শিকার লোকজনকে আয়নাঘরে বন্দী রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। আবার বহু মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। হত্যার পর বহু মানুষের লাশ সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই নির্মম নিষ্ঠুরতা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর জনগণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন দেখছে, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদের পথ বন্ধ করার জন্য গুম প্রতিরোধ আইন কঠোরভাবে প্রণয়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর মানুষের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য গুম প্রতিরোধ আইন কঠোরভাবে প্রণয়ন ও প্রয়োগের নিশ্চয়তার জন্য জাতীয় কমিটির উদ্যোগে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদের অভিমুখে পদযাত্রা শুরু হবে। ওই কর্মসূচিতে দেশপ্রেমিক সচেতন নাগরিকদের অংশগ্রহণ করতে নেতারা উদাত্ত আহ্বান জানান।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button