News

গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের আলোচনা থেকে ওয়াকআউট জামায়াতের

জামায়াত লোগো© সংগৃহীত
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়ে সংসদীয় কমিটির আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে তারা ওয়াকআউট করেন।
 
রোববার (৩০ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে তারা ওয়াকআউট করেন। এর আগে সকালে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়েও আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বিরোধী দলের সদস্যরা। আলোচনা শুরুর আগে ওয়াকআউট করেন কমিটির দুই বিরোধী দলীয় সদস্য—জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আব্দুল বাতেন।
 
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
সূত্রে জানা গেছে, কয়েক মিনিট চলার পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের ওপর আলোচনা শুরু হলে তারা বলেন, জাতীয় সংসদে এ বিলটি উত্থাপনের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন তারা। তারই অংশ হিসেবে সংসদীয় কমিটির বৈঠকও তারা বর্জন করবেন।
 
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠক থেকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। 
 
কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।”
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি। বাগেরহাটের মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়।
 
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত হয়।
 
 
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button