News

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় হচ্ছে: শিক্ষামন্ত্রী

নৈতিক শিক্ষার অভাবে সমাজে মূল্যবোধের অবক্ষয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ দিন দিন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই মূলত সমাজে আজ অবক্ষয় দেখা দিয়েছে। তাই এই সামাজিক অবক্ষয় রোধ করতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি দ্বীনি শিক্ষা থেকে পিছিয়ে যাই, তবে তা কখনোই জাতির জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। শক্তিশালী ধর্মীয় মূল্যবোধ ছাড়া কাঙ্ক্ষিত আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আমাদের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তি নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

আধুনিক শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজকের এই প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন অত্যন্ত জরুরি। সেজন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার সঙ্গে এর সঠিক সমন্বয় ঘটিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে গড়ে তুলতে হবে। মাদরাসা শিক্ষার আধুনিকায়নে বর্তমান সরকার এরই মধ্যে বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে আমাদের দেশের প্রচুরসংখ্যক প্রবাসী শ্রমিক ও পেশাজীবী কর্মরত রয়েছেন। তারা যদি আরবি ভাষায় উচ্চতর দক্ষতা অর্জন করতে পারেন, তবে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ থেকে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ১ হাজার ৭৫৭ জন কৃতি ছাত্রছাত্রীকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button