News

১৬ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউএন

তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত করতে আগামী ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস (বিওয়াইএমইউএন)’ অনুষ্ঠিত হবে ।

সম্মেলনের মহাসচিব আবদুল্লাহ আল মোক্তাদির রায়হান বলেন, তরুণেরা নীতির প্রভাবের মুখোমুখি হলেও নীতি কীভাবে তৈরি হয়, সে প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ খুব কম পান। এ আয়োজন সেই দূরত্ব কমাতে কাজ করবে।

মডেল ইউনাইটেড নেশনস (মডেল ইউএন) জাতিসংঘের অধিবেশনের আদলে পরিচালিত একটি শিক্ষামূলক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকায় গবেষণা, বিতর্ক, আলোচনা ও সমঝোতার মাধ্যমে প্রস্তাব গ্রহণ করেন।

রায়হান বলেন, এ আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা গবেষণা, কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি এবং সমাধানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মাধ্যমে তারুণ্যের সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়ন’। এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ছয়টি কমিটির কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকদের ভাষায়, তরুণেরা শুধু কথা বলবে না, তারা বলবে এবং কাজে নামবে; আর নীতিনির্ধারকেরা শুনবেন এবং বাস্তবায়ন করবেন। এই ভাবনা থেকেই বিওয়াইএমইউএন-এর যাত্রা।

ফিউচার বাংলাদেশ, বেঙ্গলবাইট ও বাংলাদেশ ইয়ুথ ডিপ্লোম্যাটস ফেডারেশন (বিওয়াইডিএফ) যৌথভাবে এই সম্মেলনের আয়োজক। দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের প্রায় ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিনিধিরা ছয়টি বিশেষায়িত কমিটিতে আনুষ্ঠানিক বিতর্ক, দর-কষাকষি, প্রস্তাব খসড়া ও নীতি পর্যালোচনার মধ্য দিয়ে সংসদীয় ও বহুপাক্ষিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনুশীলন করবেন।

ফ্ল্যাগশিপ জাতীয় সংসদ কমিটির পাশাপাশি থাকছে এফএও, ইউএনডিপি, ইকোসক, ইউনিসেফ ও ইন্টারন্যাশনাল প্রেস। রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে join.bymun.org এবং www.bymun.org ঠিকানায়। সংবাদ বিজ্ঞপ্তি।

এমই

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button