News

প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রবিবার

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক© সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ ঘটনায় তদন্ত প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি ।
 
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
আমিনুল হক বলেন, সকাল ১০টার দিকে প্রশ্নফাঁসের তথ্য পাওয়ার পরপরই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিন সময় দেওয়া হলেও তারা আরও কয়েক দিন সময় চেয়েছে।
 
প্রতিমন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত কমিটিকে আগামী রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
 
তিনি আরও জানান, আগামী শুক্রবার (১৬ অক্টোবর) স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সবাই যেন অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
প্রশ্নফাঁসের ঘটনায় মন্ত্রণালয়ের ভেতরে কিংবা বাইরে যে কেউ জড়িত থাকুক, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানান আমিনুল হক। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে অপেক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
 
আগের তদন্ত কমিটি বহাল রেখে পরীক্ষা আয়োজন করলে স্বচ্ছতা বজায় থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বিষয়টি অভিযোগের পর্যায়ে রয়েছে, প্রমাণিত হয়নি। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button