সরকারি ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়া উচ্ছেদে নির্দেশ, না মানলে শাস্তিমূলক ব্যবস্থার হুশিয়ারি

সরকারি বাসা বরাদ্দ পাওয়ার পর পুরো ফ্ল্যাট বা আংশিক বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া এমন সরকারি কর্মচারীদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে বরাদ্দকৃত বাসায় নিজে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট কর্মচারীর বাসা বরাদ্দ বাতিলের পাশাপাশি শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি বাসা ও ফ্ল্যাট পরিদর্শনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। এ ধরনের কার্যক্রম ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর পরিপন্থি।
এ অবস্থায় সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে বাসা ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া অপসারণ করে নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত বাসায় অবস্থান করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর কোনো সরকারি বাসা বা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো কারণ দর্শানো ছাড়াই বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুযায়ী বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে। পাশাপাশি বিধি অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া, বিধিমালার ১৪(৩) অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। একই সঙ্গে ওই সরকারি কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
source: The Dhaka Diary