News

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

ভোক্তাপর্যায়ে আবার বাড়ল বাসাবাড়িতে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও যানবাহনের অটোগ্যাসের দাম।প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা এবং ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ নভেম্বর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।নির্ধারিত নতুন মূল্য আজ রাত ৮টা থেকেই দেশজুড়ে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বৃদ্ধি, ডলারের বিনিময় হার, পরিবহন খরচ এবং আমদানিকারক ও বিক্রেতাদের কমিশন বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য পুনর্বিন্যাস করা হয়েছে।প্রতি মাসেই এসব ব্যয় পর্যালোচনা করে বিইআরসি এই দাম সমন্বয় করে থাকে।

নতুন সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ধারাবাহিকতায় আবারও বড় ধরনের ধাক্কা খেলেন সাধারণ ভোক্তারা। বিইআরসি প্রতি মাসে নতুন দাম বেঁধে দিলেও খুচরা বাজারে সরকারি নির্ধারিত দামে সিলিন্ডার বা গ্যাস কিনতে না পারার অভিযোগ অনেক পুরোনো।

ভোক্তাদের আশঙ্কা, লাগাতার রান্নার গ্যাস ও পরিবহন জ্বালানির দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর এবং সাধারণ পরিবারের মাসিক জীবনযাত্রার ব্যয় আরও অনিয়ন্ত্রিত হয়ে পড়বে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button