News

ঝালকাঠিতে যুবককে তুলে নিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে নুরে আলম নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় চার দিন পর মামলার প্রধান আসামি মো. শাহজাহান হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য কবুতরখালী এলাকা থেকে মঠবাড়িয়া থানা পুলিশের সহায়তায় রাজাপুর থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাজাপুর থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার শাহজাহান হাওলাদার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার মৃত আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজাপুরের নৈকাঠি এলাকার বাসিন্দা নুরে আলমকে তার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে কাঠিপাড়া এলাকার কতবেলতলার একটি নালার মধ্যে মরদেহ ফেলে রেখে যায়। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত নুরে আলমের ছোট ভাই মো. মাহে আলম বাদী হয়ে ওই দিনই রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। মামলায় শাহজাহান হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় পুলিশ সদস্যের স্ত্রী হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button