News

বড়দিন উদযাপনে দুই কোটি টাকা চেয়েছিল খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্‌যাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, অর্থাৎ তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদানের প্রস্তাবে অনুমোদন দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে জানানো হয়, শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে আরও উল্লেখ করা হয়, চলতি ২০২৬ সালে বড়দিন উদ্‌যাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ অর্থ বরাদ্দের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।

তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে ট্রাস্টের চাহিদার চেয়ে এক কোটি টাকা বেশি অনুদান পাচ্ছে খ্রিষ্টান সম্প্রদায়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button