যাঁরা অন্তর্র্বতী সরকারে ছিলেন, তাঁদেরও অনেক সীমাবদ্ধতা ছিল: সাবেক উপদেষ্টা সাখাওয়াত

সাবেক অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বললেন, সংস্কার বাস্তবায়নে অন্তর্র্বতী সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও অনেক ভুল ও সীমাবদ্ধতা ছিল। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নের দায়িত্ব তাঁদেরই নেওয়া উচিত ছিল।
রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে আজ শনিবার আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) দুই যুগ পূর্তি উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এম সাখাওয়াত হোসেন বলেন, তাঁরা ভেবেছিলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরাই এসব সংস্কার বাস্তবায়ন করবেন। কিন্তু তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, বাংলাদেশের মতো দেশে রাজনৈতিক সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা কঠিন। রাজনৈতিক চাপ ও নানা স্বার্থের কারণে সরকার সহজে এসব উদ্যোগ নিতে পারে না। তবে তাই বলে পুরোনো ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।
সাখাওয়াত হোসেন বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এজন্য নির্বাচনি ব্যবস্থার সংস্কার, নির্বাচনে টাকার প্রভাব কমানো এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্বাচনি ব্যবস্থার সংস্কারে সুজন দীর্ঘদিন ধরে কাজ করছে উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা বলেন, নির্বাচনে প্রার্থীদের তথ্য প্রকাশ, নির্বাচনি ব্যয় কমানো, স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা আনা জরুরি।
এআর
source: Barta Bazar