রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে কী ধরনের কর্মকাণ্ড চলছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশের বিষয়গুলো নিয়ে সংসদে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে জনগণের কাছে বিষয়গুলো তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, দলের দায়িত্বশীল নেতাকর্মীদের জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় প্রস্তুত থাকতে হবে।
জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের শাহাদাত এবং হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি।
সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, তারা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবেন। কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে তাদের অবস্থানও অব্যাহত থাকবে।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দলের ২০২৭ সালের বার্ষিক পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে রোববার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
source: Azadir Dak