News

গার্মেন্টস খাতের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি, আগামীকাল সময় চাইলেন বিরোধীদলীয় নেতা

দেশের তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে জাতীয় সংসদে আলোচনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গার্মেন্টসশিল্প কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়, এটি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। তাই শিল্পটি রক্ষায় সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। এ অধিবেশনে বিরোধী দলের দেওয়া কোনো নোটিশ এখনো আলোচনায় আসেনি বলেও অভিযোগ করেন তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তৈরি পোশাকশিল্প নিয়ে আলোচনার জন্য নির্ধারিত নোটিশের বিষয়ে বিরোধীদলীয় নেতা এ দাবি জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এর আগে বিষয়টি নিয়ে আলোচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে নোটিশটি আবারও সংসদে উত্থাপিত হবে কি না, তা জানতে চান বিরোধী দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। তিনি বলেন, স্পিকারের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে বিষয়টি আলোচনার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল। অধিবেশনের বাকি সময়ে গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনার সুযোগ থাকবে কি না, সেটিই জানতে চান তিনি।

জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বুধবারের আলোচনার পর সরকারি দলের চিফ হুইপ ও সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে আলোচনা করে রবিবার বিষয়টি নির্ধারণ করা হয়েছিল। তবে আগের দিন অধিবেশন মুলতবি ঘোষণা করায় বিষয়টি আর আলোচনায় আসেনি। পরবর্তী সময়ে যোগাযোগ করে এ বিষয়ে জানানো হবে। সোমবারের কার্যতালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় এদিন আলোচনার সুযোগ নেই বলেও জানান তিনি।

এরপর বিরোধীদলীয় নেতা বলেন, ‘জাতীয় স্বার্থে আমরা মনে করি আলোচনা হওয়া উচিত। এটি কোনো দলের নয়, এটি জাতির শিল্প এবং আমাদের এটি বাঁচাতেই হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই সেশনে আমাদের দেওয়া নোটিশগুলোর মধ্যে একটিও এ পর্যন্ত এড্রেস হয়নি। আমরা আশা করব আগামীকাল এটি আলোচ্য সূচিতে থাকবে এবং আমরা সুযোগ পাব। অধিবেশনের শেষ দিনে আলোচনার সুযোগ থাকে না, তাই আগামীকালের সুযোগ যেন নিশ্চিত করা হয়।’

জবাবে ডেপুটি স্পিকার বলেন, জাতীয় স্বার্থে সংসদের সব সদস্যই কাজ করছেন। তবে ৩০০ বিধিতে কোনো বিষয়ে বিবৃতি দেওয়ার পর একই বিষয়ে আলোচনার সুযোগ থাকে না। নির্দিষ্ট কোনো বিষয় থাকলে সংশ্লিষ্ট সদস্যদের নোটিশ দেওয়ার আহ্বান জানান তিনি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button