News
শেখ মুজিবুর রহমান ১৯৬১ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থায় যোগ দেন, ‘অ্যাসেট’ হিসেবে করেছেন কাজ

১৯৬১ সালেই শেখ মুজিবুর রহমান ভারতের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে দাবি করেছেন ভারতীয় ইতিহাস গবেষক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ইকবাল চান্দ মালহোত্রা। তার দাবি, ওই সময় থেকেই শেখ মুজিব আইবির ‘অ্যাসেট’ হিসেবে কাজ করছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পেছনেও এই দীর্ঘমেয়াদি গোয়েন্দা তৎপরতার ভূমিকা ছিল বলে দাবি করেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া বক্তব্যে মালহোত্রা বলেন, ১৯৬১ সালে শেখ মুজিবকে আইবিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর তাকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এবং গোপন সংকেতের মাধ্যমে যোগাযোগ রাখা হতো। ভারত তাকে সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী করার প্রতিশ্রুতিও দিয়েছিল বলে দাবি করেন তিনি।
মালহোত্রার দাবি, ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবকে জয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা পি এন ব্যানার্জি। তিনি পি এন ওঝা ছদ্মনামেও পরিচিত ছিলেন বলে দাবি করেন এই গবেষক। ওই নির্বাচনে শেখ মুজিব ৪০ শতাংশ ভোট পেয়ে ১৬৮টি আসনের মধ্যে দুটি বাদে বাকি সব আসনে জয়ী হন বলে উল্লেখ করেন তিনি।
মালহোত্রা আরও দাবি করেন, ১৯৬৫ সালেই শেখ মুজিব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বিদ্রোহ করার জন্য ভারতের সহায়তা চেয়েছিলেন। তবে চীনের হুমকির কারণে ভারত তখন সরাসরি সহযোগিতা করতে পারেনি। তার বক্তব্য অনুযায়ী, ১৯৬১ সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পায়।
আগরতলা ষড়যন্ত্র মামলাসহ বিভিন্ন কার্যক্রমে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা পি এন ওঝার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও দাবি করেন মালহোত্রা। ১৯৭৪ সালে ঢাকায় কূটনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মুজিববিরোধী একটি চক্র তাকে বিষ প্রয়োগে হত্যা করে বলেও দাবি করেন তিনি।
তার এসব দাবি বাংলাদেশের প্রচলিত ইতিহাস নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে তবে শেখ মুজিবুর রহমানের ১৯৬১ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থায় আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়া কিংবা তাকে প্রশিক্ষণ দেওয়ার দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে বিষয়গুলোকে মালহোত্রার দাবি হিসেবেই বিবেচনা করা প্রয়োজন।
ক্ল্যারিফিকেশন: প্রকাশিত মন্তব্যটি সম্পূর্ণরূপে ইকবাল চান্দ মালহোত্রার ব্যক্তিগত অভিমত। এর সঙ্গে ঢাকা ডায়েরির কোনো নিজস্ব মতামত, অবস্থান বা সম্পাদকীয় বক্তব্যের সংশ্লিষ্টতা নেই।
source: The Dhaka Diary