News

আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী 

কালেক্টরেট মাঠ© সংগৃহীত
প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট সফরে আসছেন তারেক রহমান। তার সফরকে ঘিরে লালমনিরহাট ও পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার মানুষের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। 
 
এ সফরকে কেন্দ্র করে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ একাধিক দাবি সামনে আনছেন এ অঞ্চলের মানুষ। সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও মহেন্দ্রনগর মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
 
আরও পড়ুন
 
এছাড়া মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে জেলা বিএনপি সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পরিচালিত ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করবেন। লালমনিরহাটের ঐতিহাসিক কালেক্টরেট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
 
লালমনিরহাটের প্রবীণ সাংবাদিক গোকুল রায় গণমাধ্যমকে বলেন, “লালমনিরহাট জেলার উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন দাবি উঠেছে। নিশ্চয়ই তিনি এসব উন্নয়নের রোডম্যাপ ঘোষণা করবেন বলে আমাদের প্রত্যাশা।”
 
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাস উপযোগী আলোকিত লালমনিরহাট গড়তে চাই আমরা। যেখানে থাকবে না জুয়া, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক। এসব সামাজিক অপরাধ সামাজিকভাবে মোকাবেলা করতে প্রশাসন, পেশাজীবী, রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীদের সমন্বয়ে ১৫ হাজার স্বেচ্ছাসেবক নির্বাচন করা হয়েছে। তারা এরই মধ্যে জেলা জুড়ে কার্যক্রম চালাচ্ছেন।”

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button