News

গোপালগঞ্জ-৩ আসনের এমপি জিলানীর বাড়িতে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হামলাকারীরা।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার শহরজুড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে সন্ধ্যায় থানায় যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হন। পরে তারা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেওয়া হয়। হামলাকারীরা লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুট করেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে হামলাকারীদের মোকাবিলা করতে না পেরে পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। এ ঘটনায় পুলিশ সদস্যসহ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হন। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর ছাত্রলীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেন। এ সময় বাড়িতে ভাঙচুরও চালানো হয়।

এ ছাড়া গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় বাধার মুখে পড়ে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করেন। এ সময় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে ঘটনাস্থলে যেতে পারেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থানার ভেতরে হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর করতে দেখা যায়। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button