News

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছে, এর চেয়ে বড় গুজব আর কী হতে পারে

অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম বক্তব্য রাখছেন© সংগৃহীত
মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হওয়ার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম। তিনি বলেছেন, ‘ মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা যখন বলেন ৩০ লক্ষ, তখন কি ওটা গুজব হয় না? এর চেয়ে বড় গুজব বা এর চেয়ে বড় মিথ্যা আর কী হতে পারে?
 
একই সাথে তিনি বলেছেন ‍‍‍‍‘মিথ্যা কথা বলে কেন কৃতিত্ব নিতে হবে? সারা পৃথিবীর কাছে কেন প্রমাণ করতে হবে যে আমরা একটা মিথ্যাবাদী জাতি? আমি তো আর গণহত্যাকে অস্বীকার করছি না।’
 
গত শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশ ও বাকস্বাধীনতা ব্যবস্থার সংকট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ আলোচনা সভার আয়োজন করে।
 
মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের যেটা প্রাণ, সেটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদের সাথেই কানেক্ট করতে হবে আমাদের বাকস্বাধীনতাকে। বিচ্ছিন্নভাবে কোনো আইনে কী বলল না বলল, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। দেখতে হবে আইনগুলো জুলাই সনদের সাপেক্ষে হচ্ছে কি না—সেই অনুযায়ী আইনগুলোকে ঢেলে সাজাতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে ‘গুজব’ ও ‘অপপ্রচার’-এর কথাগুলোকে ঢালাওভাবে বলে সেগুলোর ব্যাপক অপব্যবহার করা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে আপনারা যখন বলেন ৩০ লক্ষ, তখন কি ওটা গুজব হয় না? এর চেয়ে বড় গুজব বা এর চেয়ে বড় মিথ্যা আর কী হতে পারে? মিথ্যা কথা বলে কেন কৃতিত্ব নিতে হবে? সারা পৃথিবীর কাছে কেন প্রমাণ করতে হবে যে আমরা একটা মিথ্যাবাদী জাতি? আমি তো আর গণহত্যাকে অস্বীকার করছি না। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তারা যা ইচ্ছা তা-ই করেছে এবং যাকে ইচ্ছা তাকে শত্রু বানিয়েছে। মাহমুদুর রহমান কিংবা আদিলুর রহমান খানের মতো মানুষকেও তারা শত্রু বানিয়েছিল।’
 
ফ্যাসিবাদী আমলের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘সেই সময়ে তো সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছিল। প্রতিষ্ঠানগুলোকে আমি আর ‘ডিসফাংশনাল’ বলব না, এগুলো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জাতীয় সংসদের কোনো অস্তিত্ব ছিল না এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার আর কোনো পথও ছিল না।’
 
তিনি আরও বলেন, ‘কেউ যদি কোনো না কোনোভাবে তৎকালীন ক্ষমতাসীন দলের সাথে কানেক্টেড না থাকত, তবে তার আর কোনো উপায় ছিল না। সেই পরিস্থিতিতে ‘অধিকার’-এর মতো গুটিকয়েক মানবাধিকার সংগঠন আর কিছু ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সেই শূন্যতা কিছুটা পূরণ করেছিলেন। এই মানুষগুলো না থাকলে তো আমরা বুঝতেই পারতাম না যে এই জাতিটা কি তার অস্তিত্ব হারিয়ে ফেলল, নাকি আমরা আদৌ বেঁচে আছি! আর সেই মানুষগুলোকেই সাথে সাথে শত্রু বানিয়ে দেওয়া হলো।’

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button