News

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফোন করে মুসাদ্দিকের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাকে ও তার পরিবারের সদস্যদের ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন তিনি।

মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফোনালাপে জামায়াত আমির তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তাকে ও পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দেন। মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে তার জন্য দোয়া করেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতিও সালাম ও শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মুসাদ্দিক জানান, দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে জামায়াত আমির বলেন, শাসকদের নৈতিক ভিত্তির দুর্বলতার কারণে সরকার রাষ্ট্রীয় প্রশাসন যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। জুলাই-পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের অনিয়ম, অবৈধ উপার্জনের পথ সুগম করা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বার্থে জুলাই গণহত্যায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের প্রচেষ্টা দেশে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ।

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে জুলাই ২০২৪-এর শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির হেফাজত কামনা করেন তিনি।

জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মুসাদ্দিক বলেন, তার সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে গোপালগঞ্জের মুকসুদপুরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একদল লোক বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে বাড়ির একাংশ পুড়ে যায়।ঘটনা পরম্পরায় আজ বৃহস্পতিবার সকালে ফের বাড়িটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে ঘটনার আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।

এ ঘটনায় মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনার অভিযোগ করেছেন মুসাদ্দিক। তার দাবি, ফারুক খানের নির্দেশেই তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button