News

তারেক রহমান-শফিকুর রহমানের একান্ত বৈঠক, সহিংসতা মোকাবিলায় ঐক্যের প্রত্যয়

তারেক রহমান এবং শফিকুর রহমান© সংগৃহীত এবং সম্পাদিত
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
 
গতকাল বুধবার (১৮ নভেম্বর) মাগরিবের নামাজের আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
জানা গেছে, মাগরিবের নামাজের আগে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সংসদ ভবনে তার কার্যালয়ে যান শফিকুর রহমান। সেখানে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
 
আরও পড়ুন
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দেশের চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও তারা একমত হন।
 
এ ছাড়া বৈঠকে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
 
তবে বৈঠকে আলোচিত বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা আলোচনার ভিত্তিতে পরবর্তী সময়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার এই একান্ত বৈঠককে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হচ্ছে, নাকি সরকার ও বিরোধী দলের সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো রাজনৈতিক সমীকরণের সূচনা—তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button