News

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে

জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, শুধু মুখে জাতীয় ঐক্যের কথা বললে হবে না, বাস্তবেও তার প্রতিফলন ঘটাতে হবে।

মঙ্গলবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী।

তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় জনগণের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ। জনগণ দলটির প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার মর্যাদা রক্ষায় জামায়াত কাজ করবে। পাশাপাশি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনও অব্যাহত থাকবে।

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে বাস, ব্যক্তিগত গাড়ি এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এখন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তবে এই ঐক্য কেবল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এর কার্যকর প্রতিফলন ঘটাতে হবে।

সেলিম উদ্দিনের দাবি, সরকার যদি যথাযথভাবে জুলাই সনদ বাস্তবায়ন করত, তাহলে স্বৈরাচারের দোসররা এভাবে আবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পেত না।

ভাটারা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button